এমিরেটস এয়ারলাইনসে যাত্রীদের ফ্রি ওয়াই-ফাই সেবা
সব ধরনের যাত্রীদের ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেবে এমিরেটস এয়ারলাইনস। এমিরেটস স্কাইওয়ার্ডে সাইনআপ করলেই যাত্রীরা বিনামূল্যের এ সংযোগ ব্যবহার করতে পারবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
ফ্লাইটের ভেতরে ওয়াই-ফাই ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করছে এমিরেটস। এরই মধ্যে প্রতিষ্ঠানটি অনবোর্ড কানেক্টিভিটি বাড়ানোর জন্য ৩০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।
যেকোনো ক্লাসে ভ্রমণকারী এমিরেটস স্কাইওয়ার্ড সদস্যরা এখন বিনামূল্যের সংযোগের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবে। এমিরেটসের এ ধরনের অগ্রগতির মাধ্যমে আরো ৩০ হাজার ইকোনমি ক্লাসের যাত্রী প্রতি সপ্তাহে কমপ্লিমেন্টারি অনবোর্ড ওয়াই-ফাইয়ে সংযুক্ত হবে।
স্কাইওয়ার্ডের ব্লু, সিলভার, গোল্ড বা প্লাটিনাম টায়ারের মধ্যে যেকোনোটির সদস্যরা ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস বা ফার্স্ট ক্লাসে ভ্রমণ করলেই বিনামূল্যে এসএমএস পাঠানোর অ্যাপ ব্যবহার করতে পারবে। উপরন্তু ফার্স্ট ক্লাসের যাত্রীরা স্কাইওয়ার্ডের সদস্য হলে বিনামূল্যের ইন্টারনেট পাবেন আনলিমিটেড। এর মাধ্যমে ফ্লাইটে থাকার সময়েও কেনাকাটা বা অফিসের কাজ করা যাবে।
একই সুবিধা পাবেন বিজনেস ক্লাসে ভ্রমণকারী সিলভার, গোল্ড ও প্লাটিনাম স্কাইওয়ার্ড সদস্যরাও। প্লাটিনাম স্কাইওয়ার্ড সদস্যদের জন্য কমপ্লিমেন্টারি ইন্টারনেট সুবিধা থাকবে সব ধরনের ক্লাসে।
বর্তমানে এ এয়ারলাইনস প্রতি মাসে গড়ে ৪ লাখ ৫০ হাজার ব্যবহারকারী পায়। আগের বছরের একই সময়ের কথা চিন্তা করলে ২০২৩ সালে যা বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ।
ডিবিটেক/বিএমটি







